বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) রাতে পূর্বসোনামূখী এলাকায় যুবদল নেতা বোরহান উদ্দিন সরদারের উদ্যোগে এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ ও সিনিয়র যুগ্ম সম্পাদক আতিকুর রহমান মোল্লার তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।
রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ (পালং–জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
নিজ বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম বলেন,
“বেগম খালেদা জিয়া গণমানুষের ও বাংলাদেশের সম্পদ। তিনি সারাজীবন দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য ত্যাগ স্বীকার করেছেন। জনগণের ভালোবাসায় আজ সারাদেশে দল-মত নির্বিশেষে সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছে।”
তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়; বরং ভিন্ন মতকে মূল্যায়ন করে গণতান্ত্রিক চর্চাকে সমুন্নত রাখতে চায়।
“গণতন্ত্রকে বাঁচাতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় মানেই দেশ ও গণতন্ত্রের বিজয়।” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম, আব্দুল মান্নান মাদবর, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান খান, এ্যাডভোকেট জালাল আহম্মেদ সবুজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন, সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার, জাসাসের সদস্য সচিব মনজুর হাসানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন