শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়ন পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (মজিবর মাদবর) আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় বিকেনগর ইউনিয়নের আনন্দ বাজারে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর–১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা নবাগত নেতাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধির রাজনীতিতে বিশ্বাসী। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। সুযোগ পেলে আধুনিক শরীয়তপুর গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তিনি যেন সুস্থ হয়ে দ্রুত ফিরে আসেন—এ জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদার, সাধারণ সম্পাদক মাহাবুব আলম টিটু আকন, জাজিরা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কেএম কামরুজ্জামান মিলন, বিকেনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মুন্সী, যুগ্ম আহ্বায়ক হাজী মিজানুর রহমান তালুকদার, সদস্য সচিব রফিকুল ইসলাম মাঝি, বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
যোগদানকালে মোস্তাফিজুর রহমান (মজিবর মাদবর) বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মজিবর মাদবরের বিএনপিতে যোগদানের মাধ্যমে বিকেনগরসহ জাজিরা এলাকায় বিএনপি আরও শক্তিশালী হবে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা আগামী দিনে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন