শরীয়তপুরে চলমান শৈত্যপ্রবাহে দুর্ভোগে পড়া নিম্ন আয়ের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। ছুটির দিন হলেও মানবিক দায়িত্ব থেকে পিছপা হননি শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগম।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জেলা প্রশাসকের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এতিম, দুস্থ, ছিন্নমূল ও বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা আমাদের মানবিক ও প্রশাসনিক দায়িত্ব। শীত যতদিন থাকবে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।”
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
ছুটির দিনেও জেলা প্রশাসকের এমন মানবিক উদ্যোগে উপকারভোগীরা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, তীব্র শীতে এই কম্বল তাদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, শৈত্যপ্রবাহের কারণে শরীয়তপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন