শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযান ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। সোমবার ভোরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে শুরু হওয়া এই অভিযানে ‘ডগ স্কোয়াড’-এর সহায়তায় বিলাসপুরের বিভিন্ন স্থান ঘিরে তল্লাশি চালানো হয়।
তল্লাশি চলাকালীন এলাকার বিভিন্ন বাড়ির আশপাশ, বাঁশঝাড় ও ঝোপঝাড় থেকে ৪৫টি ককটেল বোমা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি পাওয়া যায় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
অভিযানের সময় তিন নারী ও একজন পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে যৌথ বাহিনী। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পেছনে থাকা চক্র সম্পর্কে আরও তথ্য জানতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দিতে হাতবোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে সোহান বেপারী ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত নবিন সর্দার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ঘটনার পর জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে ৫৩ জনকে নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ নতুন করে দুইজনকে আটক দেখিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. তানভীর হোসেন জানান,
“ঘটনার পর থেকেই পুরো এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। আর কোনো বিস্ফোরক লুকানো আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
অভিযানের পর থেকে পুরো এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং জনগণকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

Facebook Comments Box