শরীয়তপুর–২ আসনের বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ, নেতৃত্ব ও শাসনামল থেকেই তিনি প্রকৃত উন্নয়ন ও জনসেবার শিক্ষা লাভ করেছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই তিনি রাজনীতি ও উন্নয়নের কর্মকাণ্ড পরিচালনা করতে চান।

বৃহস্পতিবার রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসারের ইশাপাশা গ্রামে অনুষ্ঠিত বিএনপির এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

শফিকুর রহমান কিরন বলেন, “বেগম খালেদা জিয়া আমাকে শিখিয়েছেন কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, কিভাবে সৎ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে একটি এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা যায়।” তিনি আরও বলেন, অতীতে বিএনপি সরকারের সময় দেশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে যে উন্নয়ন হয়েছে, তা আজও মানুষ স্মরণ করে।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শরীয়তপুর–২ আসন অবহেলিত অবস্থায় রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় মানুষ এখন পরিবর্তনের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি প্রার্থী বলেন, “আমি নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের অধিকার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মৌলিক সেবা সহজলভ্য করাই হবে আমার অগ্রাধিকার।” তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় স্থানীয় বিএনপির নেতারা বলেন, শফিকুর রহমান কিরন একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সমর্থন পেলে তিনি শরীয়তপুর–২ আসনে নতুন উন্নয়নের দিগন্ত উন্মোচন করবেন।

Facebook Comments Box