১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিগ্রি প্রকৌশলীদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে শরীয়তপুরের বুড়ির হাটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র–শিক্ষকরা।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র–শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শত শত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।
মানববন্ধনে সংগঠনের সদস্য সচিব ও আইডিইবি শরীয়তপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ফরহাদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন আইডিইবি শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী রাশেদুজ্জামান, আব্দুর রহমান ও সিয়াম, টেলিকমিউনিকেশন বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর প্রকৌশলী মহসীন মিয়া, কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টর প্রকৌশলী আব্দুর রহমান এবং সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী অজিত বাছার।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইখতিয়ার মাহমুদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মকিম হোসেন, আইডিইবি শরীয়তপুর জেলা শাখার অর্থ সম্পাদক প্রকৌশলী নিপুল কৃষ্ণ মালোসহ অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এ. টি. এম. জাহিদ। তিনি বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।
বক্তারা অবিলম্বে ৩৩ শতাংশ কোটা সংক্রান্ত প্রস্তাব প্রত্যাহার করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র–শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন