শরীয়তপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালিটি ডামুড্যা হামিদীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডামুড্যা বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা থাকায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
র‍্যালি শেষে বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ডামুড্যা উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এবং মেহেদী হাসান নিরবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি কারুজ্জামান কাউসার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হাফেজ বিল্লাল হোসেন। বিশেষ বক্তা ছিলেন জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম ও আব্দুর রহমান সাকিল।
প্রধান অতিথির বক্তব্যে কারুজ্জামান কাউসার বলেন, ইসলামী ছাত্র শিবির গত ৪৯ বছর ধরে ছাত্রসমাজকে নৈতিকতা ও দক্ষতার ভিত্তিতে গড়ে তুলতে কাজ করছে। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতে সক্ষম দেশপ্রেমিক নাগরিক তৈরিই সংগঠনটির লক্ষ্য বলে জানান তিনি।
সমাবেশে বক্তারা বলেন, নৈতিক অবক্ষয় ও মাদকাসক্তি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে ইসলামী মূল্যবোধভিত্তিক ছাত্র আন্দোলনের প্রয়োজন রয়েছে।

Facebook Comments Box