শরীয়তপুর-৩ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, নির্বাচনের মাঠের লড়াই শেষ, এখন সময় ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার।
গতকাল সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, এই বিজয় কোনো ব্যক্তি বা দলের একক সাফল্য নয়; এটি গণতন্ত্রকামী সাধারণ মানুষের বিজয়। দীর্ঘদিন পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন, সেই অধিকার রক্ষার ফল হিসেবেই এই বিজয় এসেছে।”
তিনি পোস্টে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে স্মরণ করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁদের দূরদর্শী নেতৃত্ব ও সুদৃঢ় দিকনির্দেশনায় দল আজ সংগঠিত ও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।
নবনির্বাচিত এই এমপি আরও জানান, দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব শরীয়তপুর গড়ে তুলতে চান। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন।
আগামী পাঁচ বছর জনগণের সেবক হিসেবে পাশে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি শরীয়তপুরকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ জেলায় রূপান্তরে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলামকেও ধন্যবাদ জানান তিনি।

Facebook Comments Box