বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করান।
এর মধ্যে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলামও শপথ নেন। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। নির্বাচনের পর থেকেই তিনি এলাকায় ঐক্য, সম্প্রীতি ও শান্তির বার্তা দিয়ে আসছেন।
শপথ শেষে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হচ্ছে সবার কথা শোনা, সবার পাশে থাকা এবং দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা। আমি আশা করি, সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে শরীয়তপুর-১ আসনকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তরিত করবো, ইনশাআল্লাহ। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।
শপথ গ্রহণের খবরে শরীয়তপুরের দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। সকলের আশা করছেন, নতুন সংসদ সদস্য এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
তাদের মতে, শপথ গ্রহণের মধ্য দিয়ে এখন শুরু হলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বাস্তব অধ্যায়।

মন্তব্য করুন