পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোকতারের চর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বাদশা শেখ।
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাদশা শেখ এবার চেয়ারম্যান পদে নির্বাচনের মাঠে লড়বেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকেই গরীব দুখী মেহনতী মানুষের বন্ধু বাদশা শেখ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে দেখা করা শুরু করেছেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সালাম বিনিময় এবং দোয়া, আশীর্বাদ ও ভোট প্রার্থনা করছেন।
ঐতিহ্যবাহী শেখ পরিবারের সুযোগ্য সন্তান বাদশা শেখের সাথে রয়েছেন মোকতারের চরের শিক্ষিত তরুণ, যুবক সহ সর্বস্তরের মানুষ। তারাও বাদশা শেখের সাথে ভোটারের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের বার্তা পৌঁছে দিচ্ছেন এবং জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী বাদশা শেখের জন্য দোয়া আশীর্বাদ ও ভোট কামনা করছেন। নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী এই শেখ পরিবার সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাদশা শেখের বাবা মরহুম আব্দুল গনি শেখ নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোক্তারের চর-রাজনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মরহুম আব্দুল গনি শেখ সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। বাবার দেখানো পথ অনুসরণ করে চেয়ারম্যান প্রার্থী বাদশা শেখও সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। তার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন অনেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং তারা আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান প্রার্থী বাদশা শেখ বলেন, আমার বাবা আবদুল গনি শেখ নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোক্তারের চর-রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আমার বাবা সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সনে স্বাধীনতাবিরোধী শক্তি আমার বাবাকে গুলি করে হত্যা করে। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা আমাদের সাত ভাই পাঁচ বোনকে মানুষ করতে অনেক কষ্ট করেছেন। আমরা অনেক কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি। আল্লাহর রহমতে এখন আমরা ভালো আছি। আমি গরিবের কষ্ট বুঝি।
আমি আমার বাবার পথ অনুসরণ করে গরিব দুখী মেহনতী মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছি। মোক্তারের চর ইউনিয়নবাসী যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি আমার ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আমি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ নানা অবকাঠামোগত উন্নয়ন করবো। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তনে কাজ করবো।
ইউনিয়বাসী এবার আমাকে সমর্থন দিয়েছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমি সবার কাছে দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি। আশা করছি মোক্তারের চর ইউনিয়নের মানুষ মূল্যবান ভোট দিয়ে তাদের সেবা করার জন্য আমাকে সহায়তা করবেন।

মন্তব্য করুন