শরীয়তপুরের নড়িয়ায় বিপরীতমুখী ট্রলি ও মালবাহী ট্রাকের মাঝখানে পড়ে প্রাণ হারিয়েছেন এরশাদ খান (৩৫) নামের এক ব্যবসায়ী। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে নড়িয়া-শরীয়তপুর সড়কের প্রাণিসম্পদ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ খান নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া গ্রামের মেছের খার ছেলে। তিনি নড়িয়া বাজারের ফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সকালে এরশাদ খান মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে নড়িয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে প্রাণিসম্পদ অফিসের সামনে একটি সিমেন্টবোঝাই ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন তিনি। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভারসাম্য হারিয়ে তিনি ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটি জব্দ এবং এর চালককে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, ট্রাক ও চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box