গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হওয়ার খবর সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এক সরকারি বিবৃতিতে জানানো হয়, দেশের যেকোনো পরিস্থিতিতেও ইন্টারনেট শাটডাউন না করার বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, “স্বৈরাচার ও তাদের দোসররা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।” নাগরিকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সরকার মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশনের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় চারজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাতে কারফিউ জারি করে প্রশাসন, যা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কার্যকর ছিল। এরই প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ হওয়ার গুজব ছড়ায়, যা সরকার স্পষ্টভাবে অস্বীকার করেছে।

Facebook Comments Box