চাঁদপুর, ২৬ অক্টোবর: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে পরকীয়ার জেরে স্বামীর শরীরে গরম পানি নিক্ষেপের অভিযোগ উঠেছে নার্গিস বেগম (২৮) নামে এক নারীর বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়েছেন তার স্বামী আব্দুল জলিল বেপারী (৪০)। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে।

আহত জলিল ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকার মৃত আবিদ আলীর ছেলে। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং দ্বিতীয় স্ত্রী নার্গিসকে নিয়ে মদনা গ্রামে ভাড়া থাকতেন। স্থানীয়দের দাবি, স্বামী বাইরে থাকাকালে নার্গিস পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে দাম্পত্য কলহ শুরু হয়।

জলিল জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী তার মুখে গরম পানি নিক্ষেপ করে পালিয়ে যান। স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে সদর মডেল থানার ওসির তত্ত্বাবধানে এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে নার্গিস বেগমকে আটক করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “আহত জলিল হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী থানায় হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, ঘটনাটি পরকীয়ার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box