সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হামলার ধরন কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার নয়। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, ঘাঁটির ভেতর থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার পরপরই মার্কিন সেনারা ঘাঁটি ঘিরে ফেলে এবং এলাকায় কড়া নজরদারি শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে ড্রোন এবং সামরিক হেলিকপ্টারের টহল দেখা গেছে। হামলার পর পুরো এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা এক নতুন বার্তা বহন করছে। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলো অতীতেও একাধিকবার রকেট ও ড্রোন হামলার মুখে পড়েছে।

তবে এ ঘটনার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র সরকার কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

Facebook Comments Box