মারণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে চিকিৎসায় এক যুগান্তকারী অগ্রগতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটির বিজ্ঞানীরা তৈরি করেছেন নতুন ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’, যা ইতোমধ্যে সফল ট্রায়াল সম্পন্ন করেছে। এখন এটি রোগীদের ব্যবহারের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (এফএমবিএ)-এর প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা। তিনি এ ঘোষণা দেন ইস্টার্ন ইকোনমিক ফোরামে।
এফএমবিএ জানায়, ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে—যা বিশ্বব্যাপী প্রথম আলোচনায় আসে কোভিড-১৯ ভ্যাকসিনের মাধ্যমে। এই প্রযুক্তি দুর্বল ভাইরাস ব্যবহারের বদলে শরীরের কোষকে বিশেষ প্রোটিন তৈরি করতে সহায়তা করে, যা ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করে। তিন বছর ধরে চলা প্রাক-ক্লিনিকাল পরীক্ষায় এটি নিরাপদ প্রমাণিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, ভ্যাকসিন গ্রহণকারীদের টিউমারের আকার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে বা তাদের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে ধীর হয়েছে। তাছাড়া, রোগীদের বেঁচে থাকার সম্ভাবনাও বেড়েছে।
প্রথম ধাপে কোলন ক্যানসার চিকিৎসায় এ ভ্যাকসিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিজ্ঞানীরা মস্তিষ্কের জটিল ক্যানসার গ্লিওব্লাস্টোমা এবং বিভিন্ন ধরনের মেলানোমার জন্যও নতুন ভ্যাকসিন তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। গবেষকদের মতে, এটি ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

মন্তব্য করুন