শরীয়তপুর সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন শরীয়তপুরের কৃতি সন্তান প্রফেসর মোঃ ফজলুল হক।
২৩ অক্টোবর ২০২৪ ইং যোগদানের পরে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষী সহ অনেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মোঃ ফজলুল হক। জন্ম ১৯৬৯ সালের ১৫ জুলাই শরীয়তপুর জেলার পালং থানার প্রসিদ্ধ কাশীপুর গ্রামে ঐতিহ্যবাহী মোল্লা পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আঙ্গারিয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ওয়াজ উদ্দিন মোল্লা।
প্রাথমিক পড়াশোনা এই গ্রামেরই কাশীপুর মুসলিমপাড়া সরকারি প্রাইমারি স্কুলে। ঐতিহ্যবাহি আংগারিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি এবং শরীয়তপুর সরকারি কলেজ থেকে ১৯৮৬ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বি.এস.এস (অনার্স), ১৯৯০ সালে এম.এস.এস এবং ২০০০ সালে এম.ফিল ডিগ্রী অর্জন করেন।
১৯৯৬ সালে ১৬তম বি.সি.এস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রবেশ এবং বরিশাল সরকারি বি.এম কলেজে প্রভাষক হিসেবে পেশাগত জীবনের শুরু। শরীয়তপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, দুই বছর উপাধ্যক্ষ পদে এবং স্বল্পকালিন সময়ের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদেও দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ২২ অক্টোবর তিনি সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ পদে আসীন হন এবং ২০১৪ সালের ২২ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ২০২২, ২০২৩, ২০২৪ সালে পরপর ধারাবাহিকভাবে তিন বছর তিনি শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে পুরস্কৃত হন। পেশাগত জীবনে শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে নানাবিধ প্রশিক্ষণে তিনি সমৃদ্ধ। ঋদ্ধ হয়েছেন মালয়েশিয়ার নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে এম.এ ইন এডুকেশন কোর্স করে।
তিনি একজন কবি। লেখালেখিতে হাতেখড়ি হাইস্কুল জীবনে। দেয়াল পত্রিকা এবং স্মরণিকা প্রকাশে গভীর মননই সাহিত্যাঙ্গনে তার অগ্রণি অনুপ্রেরণা।১৯৮৫ সালে সাহিত্যানুরাগী কতিপয় বন্ধুরা মিলে গড়ে তোলেন “নবারুণ সাহিত্য সংসদ”। প্রবন্ধ এবং গবেষণামূলক রচনায় আগ্রহী হলেও মূল ঝোক তার কবিতায়। এ পর্যন্ত তার দুইটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, পৌরনীতি ও সুশাসন নামে দুইটি। একাডেমিক বই বাজারে রয়েছে।
উল্লেখ্য শরীয়তপুর জেলার স্বনামধন্য তিনটি প্রতিষ্ঠান শরীয়তপুর সরকারি কলেজ, পূর্ব মাদারীপুর সরকারি কলেজ, শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ তারা তিন সহোদর ভাই।
ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্রসন্তান রেশাদ মোহাম্মদ মুহিববুল্লাহ (রাফসান), আবরার সাবিদ আহমাদ (রাফিন) এবং এক কন্যাসন্তান ফাইজা রাইভিন এর জনক।



মন্তব্য করুন