শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল জানান, মামলার যুক্তিতর্কে দেশি-বিদেশি বিভিন্ন আদালত ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রতিষ্ঠিত আইনগত নজির তুলে ধরা হবে। গুম ও পদ্ধতিগতভাবে সংঘটিত অপরাধের বিচার সম্পন্ন হলে তা বাংলাদেশের বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দি, মামলার নথিপত্র ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে এবং আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আবেদন জানাবে।
যুক্তিতর্কের প্রস্তুতি সম্পর্কে রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলার সব নথি এবং সাক্ষীদের সাক্ষ্য বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন তিনি। আন্তর্জাতিক অপরাধের বিচারসংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং অন্যান্য দেশের বিচারব্যবস্থায় প্রতিষ্ঠিত নজিরও পর্যালোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরপেক্ষতা, বিচারিক দক্ষতা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে যেসব প্রশ্ন উত্থাপন করা হয়, সেগুলোরও আইনগত জবাব দেওয়া হবে।
এর আগে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও মিজানুল ইসলাম যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলোর পুনরাবৃত্তি এড়িয়ে নিজের মতো করে যুক্তিতর্ক উপস্থাপন করবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। তার বক্তব্য মূলত আইনভিত্তিক হবে বলেও উল্লেখ করেন তিনি।
জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড চাওয়া হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, সে বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, একজন ব্যক্তির অপরাধের জন্য আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান থাকলে সেই শাস্তিই চাওয়া হবে।
২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার বিচারকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য মামলায় এ ট্রাইব্যুনাল রায় দিয়েছেন। তবে গুম এবং পদ্ধতিগতভাবে সংঘটিত অপরাধের ভয়াবহতা নিয়ে চলমান এ বিচারপ্রক্রিয়া ভিন্ন মাত্রার গুরুত্ব বহন করছে বলে তিনি মনে করেন।
তার মতে, গুমের মতো পদ্ধতিগত অপরাধের বিচার সম্পন্ন হওয়া বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউল আহসান মানুষের জীবন-মৃত্যুকে খেলার মতো দেখেছেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র এবং বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন জিয়াউল আহসান। তার বিরুদ্ধে বিচার শুধু বাংলাদেশের বিচার নয়, এটি সমগ্র মানবতার পক্ষে জবাবদিহিতার দাবি।



মন্তব্য করুন