ককটেল বানাতে গিয়ে নিজের হাতের বিস্ফোরণেই প্রাণ হারালেন আওয়ামী লীগ কর্মী টমাস আলী।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত টমাস আলী চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দিনের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পারচৌকা এলাকায় একটি স্থানে বসে ককটেল তৈরি করছিলেন টমাসসহ কয়েকজন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যান টমাস আলী।
এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
খবর পেয়ে বিকেলে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টমাসের মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু সরঞ্জাম ও উপকরণ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। কারা, কেন ককটেল বানাচ্ছিল — তা খতিয়ে দেখছে পুলিশ।



মন্তব্য করুন