কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি আর কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ তার কার্যক্রমের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর রাজনৈতিক দল হিসেবে তাদের আর কোনো স্বীকৃতি নেই এবং দেশের মানুষও তা দেবে না। ইতিহাস সাক্ষী, জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও আর রাজনীতিতে ফিরতে পারেনি; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো ফিরতে পারবে না।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে ফিরতে চান তা দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে দেখা গেছে। তবে তিনি কেবল প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুসারেই দেশে ফিরতে পারেন। সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে এবং তারাও আইনিভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। এ নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে বলে জানান তিনি।
সীমান্তের ওপারে অবস্থানরত পলাতক নেতারা দেশে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন বা হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিয়ে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলে আগের সব অপচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে এবং ভবিষ্যতেও কেউ অগ্নিসন্ত্রাস বা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে সব নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি একটি চলমান বিচারিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে দল ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত রেখেছে।
গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কতিপয় কর্মকর্তার সম্পৃক্ততা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে এবং সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা এক অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে। এ ছাড়া গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি জানান, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে এবং এতে প্রকৃত শ্রমিক ও মালিকরা সন্তুষ্ট; বর্তমানে গুজব ছড়িয়ে যাঁরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন, তাঁরা প্রকৃত শ্রমিক নন এবং এর পেছনের ইন্ধনদাতাদের খতিয়ে দেখা হচ্ছে।



মন্তব্য করুন