দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এক দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নতুন দর ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। তার আগের দিন রোববার (২২ নভেম্বর) একই মানের স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ১৮১ টাকা কমানো হয়েছিল। বাজুস জানিয়েছে, মঙ্গলবার সকালে স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি বিবেচনায় নিয়ে নতুন হার চূড়ান্ত করা হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের প্রতি গ্রাম ১ হাজার ১২০ টাকা হিসাবে প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের দিন ছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৩৫০ টাকা দরে প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৪ হাজার ৪৫ টাকা দরে প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা করা হয়েছে। এতে করে এক দিনের ব্যবধানে ২১ ক্যারেটে প্রায় ১ হাজার ৫১৬ টাকা এবং ১৮ ক্যারেটে প্রায় ১ হাজার ২৮৩ টাকা বেড়েছে।

পাশাপাশি রুপার নতুন দামও নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রুপা ২৬০ টাকা, ২১ ক্যারেটের ২৫০ টাকা, ১৮ ক্যারেটের ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপা ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস স্পষ্ট করেছে যে, অলংকারের ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না, তবে নকশা ও ধরনভেদে মজুরি দিতে হবে। পুরোনো স্বর্ণালংকার বদল বা এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সারা দেশে এই দর বলবৎ থাকবে।