গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাতে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানার একটি মামলায় আবুল হাসানকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ৫ আগস্টের আগে ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তাঁকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) বদলি করা হয়।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা আবুল হাসানের নাম সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। ওই ঘটনায় থানা পোড়ানোর পরিকল্পনার পেছনে তাঁর সংশ্লিষ্টতা ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে অভিযোগ তোলা হয়।
এ ছাড়া আবুল হাসানকে নিয়ে বিএনপির কয়েকজন নেতা-কর্মী আগে থেকেই বিভিন্ন অভিযোগ করে আসছিলেন। কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্যসচিব শাহ আলম সৈকত ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, ৫ আগস্টের আগে নিউমার্কেট ও কলাবাগান থানায় কর্মরত থাকাকালে আবুল হাসান নিজেকে শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ বলে পরিচয় দিতেন। তাঁর নেতৃত্বে বাসায় একাধিকবার অভিযান ও ভাঙচুর চালানো হয়েছিল এবং পরিবারের সদস্যদের ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।



মন্তব্য করুন