সারা দিন নোয়াখালীর স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটিয়ে ঢাকায় ফিরেই সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় তিনি সচিবালয়ে পৌঁছান বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন তাঁর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

সচিবালয়ে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের উপস্থিতি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী এবং এরপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।

এর আগে মঙ্গলবার সকালে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে হেলিকপ্টারে করে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা সাড়ে ১১টায় তাঁকে বহনকারী হেলিকপ্টারটি সেখানে অবতরণ করে। সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে তিনি মহড়া প্রত্যক্ষ করেন।

এ সময় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের যৌথ মহড়ার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ও তিন বাহিনীর সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে বিকেলে ঢাকায় ফিরে সরাসরি সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দেন তিনি।