হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। চুক্তি সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল পরিচালনার কনসেশন চুক্তি চূড়ান্ত হয়েছে। শুরুতে ২৫ শতাংশ সক্ষমতায় চালুর চিন্তা থাকলেও কনসোর্টিয়ামের তাৎক্ষণিক প্রস্তুতির সীমাবদ্ধতায় প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি ফ্লাইট দিয়ে যাত্রা শুরু হবে। পরবর্তীতে সিঙ্গাপুরসহ অন্যান্য গন্তব্যের ফ্লাইট ধাপে ধাপে যুক্ত করা হবে এবং ১৬ ডিসেম্বর থেকে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে আশা করা হচ্ছে।
রাজস্ব ভাগাভাগির বিষয়ে এম রশিদুজ্জামান মিল্লাত জানান, আগের সরকারের আমলে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বাংলাদেশের রাজস্ব ভাগের হার ১৫ শতাংশ নির্ধারিত থাকলেও বর্তমান সরকার আলোচনার মাধ্যমে তা বাড়িয়ে ২৭ শতাংশে উন্নীত করেছে। ফলে পূর্ণ সক্ষমতায় কার্যক্রম শুরু হলে বাংলাদেশ আগের তুলনায় ১২ শতাংশ বেশি রাজস্ব পাবে।
চুক্তির শর্ত অনুযায়ী তৃতীয় টার্মিনালের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর নির্মাণ করা যাবে না—এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাই অনুযায়ী ওই এলাকায় আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দরের প্রয়োজন নেই এবং নতুন বিমানবন্দর নির্মাণে ১০ থেকে ১৫ বছর সময় লাগে বিধায় এ শর্তে আপাতত কোনো সমস্যা হবে না।
এ ছাড়া নতুন টার্মিনাল চালু হলেও আগামী ১৪ মাস বর্তমান আন্তর্জাতিক টার্মিনাল ভবনটি ব্যবহারের সুযোগ থাকবে বলে জানান মন্ত্রী। বর্তমানে পরিচালিত আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোকে পর্যায়ক্রমে তৃতীয় টার্মিনালে স্থানান্তর করা হবে এবং প্রয়োজন অনুযায়ী পুরোনো টার্মিনালটি অভ্যন্তরীণ, হজ ও অন্যান্য ফ্লাইটে ব্যবহারের বিষয়ে কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা করা হবে।



মন্তব্য করুন