প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদলের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নতুন চেয়ারম্যানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও বদলি করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেনকে প্রেষণে পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ দিয়ে তাঁর চাকরি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মো. লুৎফুর রহমানকে স্থানীয় সরকার বিভাগের অধীন জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া সরকারি যানবাহন অধিদপ্তরের (পরিবহন পুল) পরিবহন কমিশনার রাজা মো. আব্দুল হাইকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর বিএডিসির বর্তমান চেয়ারম্যান মো. আজিজুল ইসলামকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেনকে সরকারি যানবাহন অধিদপ্তরের (পরিবহন পুল) নতুন পরিবহন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।



মন্তব্য করুন