দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং আমদানি উৎস সম্প্রসারণের লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২৯ নভেম্বর এই সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে নতুন একটি বাণিজ্যিক সুযোগ তৈরি হতে যাচ্ছে এবং এই উদ্যোগের আওতায় কৃষিভিত্তিক পণ্য আমদানি ও রপ্তানি অন্তর্ভুক্ত থাকবে। আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে পণ্য পাওয়া গেলে পাকিস্তান থেকে তা আমদানি করা হবে; তবে এমওইউ স্বাক্ষরের পর দেশটি পণ্যের মূল্য প্রস্তাব দেবে এবং আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সমঝোতা স্মারকের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার স্বাক্ষর করবেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সমঝোতা স্মারকে চাল, ডাল, আটা, গম, আলু, চিনি, তেল, পেঁয়াজ, ছোলা, সার, চা, আম ও আনারসের মতো কৃষিভিত্তিক পণ্য থাকার কথা রয়েছে। এর মধ্যে আমদানিতে তেল, ডাল, চিনি ও খেজুর এবং রপ্তানিতে আম, আনারস ও চায়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর ওপর জোর দিচ্ছে ঢাকা। আগামী ১ ও ২ ডিসেম্বর ইসলামাবাদে দুদেশের বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের (জেডব্লিউজিটি) প্রথম বৈঠকে শুল্ক ও শুল্কবহির্ভূত বাধা, ওষুধ ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং কাস্টমস প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।