কার্পেটিংয়ের সাত দিনের মাথায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার লাকাচুয়া-সামন্তসার বাজার সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা সড়কটির আরও পাঁচটি স্থানে ছোট ধস এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। এতে নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত সড়কের ধসে পড়া অংশে পিচসহ নিচের মাটি সরে বড় গর্ত সৃষ্টি হওয়ায় যাতায়াতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের সময় পাশের খাল থেকে মাটি কেটে এনে ব্যবহার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ অংশে মাটি ধরে রাখতে প্রয়োজনীয় পাইলিং বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত প্রায় ৪ হাজার ১২০ মিটার সড়ক সংস্কারে ৬ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজ বাস্তবায়ন করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, রাস্তা নির্মাণের সময়ও ওই স্থানে ভাঙন দেখা দিয়েছিল; তখন খালের পাশ থেকে ভেকু দিয়ে মাটি এনে ফেলা হয় এবং সতর্ক করলেও তা মানা হয়নি। আরেক বাসিন্দা মো. নিজাম ঢালী বলেন, এক সপ্তাহও হয়নি রাস্তা ভেঙে গেছে, পাশে পাইলিং করা হয়নি এবং উল্টো পাশ থেকে মাটি কাটায় রাস্তা টিকবে কীভাবে। তাঁরা পুরো সড়কের গুণগত মান ও ধসের কারণ যাচাই করে ঝুঁকিপূর্ণ স্থানে প্রতিরোধমূলক ব্যবস্থাসহ টেকসই মেরামতের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, সড়কটি এখনো তাঁদের বুঝিয়ে দেওয়া হয়নি এবং এ বিষয়ে ঠিকাদার জিয়া জমাদ্দারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। অন্যদিকে ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, টানা বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে ধস নেমেছে, সড়কের কাজ এখনো শেষ হয়নি এবং ধসে পড়া অংশে পুনরায় মেরামতের কাজ চলছে।



মন্তব্য করুন