তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১২ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডের আলোচনায় সব সদস্যের সর্বসম্মতিক্রমে প্রথম তিনটি গ্রেডের মজুরি চূড়ান্ত করা হয়। এতে শ্রমিকদের সর্বোচ্চ গ্রেড-১-এ নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর ক্ষেত্রে বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রতিটি গ্রেডের নিম্নতম মজুরি নির্ধারণের পর কোনো শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে এর সঙ্গে ন্যূনতম দুই হাজার টাকা সমন্বয় করা হবে।
উল্লেখ্য, এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার বৈঠকে মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা এবং শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করেছিল। তবে দুই পক্ষের প্রস্তাবের ব্যবধানের কারণে সেদিন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।



মন্তব্য করুন