বেনাপোল কাস্টমস হাউসের সিপাহী মুসা ওরফে মুসা রনির বিরুদ্ধে উত্থাপিত একাধিক অভিযোগের তদন্তের অগ্রগতি ও সংশ্লিষ্ট নথিপত্র জানতে কাস্টমস কমিশনারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
দৈনিক জাগ্রত সময়-এর প্রধান সম্পাদক সেলিনা আক্তার জারা বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বরাবর এ আবেদন করেন। আবেদনে মুসা রনির নিয়োগের সময় জমা দেওয়া শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যতা, খুলনার বয়রা এলাকায় তাঁর কথিত সম্পদ এবং বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে দায়িত্ব পালনকালে লাগেজ পারাপার ও রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, এসব বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উত্থাপিত হলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো লিখিত তথ্য বা চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর প্রকৃত অবস্থা এবং এ বিষয়ে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে, তা জানার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
জনস্বার্থে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, তদন্তের বর্তমান অগ্রগতি এবং এ পর্যন্ত গৃহীত প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র সরবরাহ করে তথ্য অনুসন্ধানে সহযোগিতার জন্য কাস্টমস কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, সিপাহী মুসা ওরফে মুসা রনির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে প্রতিবেদকের পক্ষ থেকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে, বেনাপোল কাস্টমস হাউস কর্তৃপক্ষের কাছ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, তদন্তের অগ্রগতি এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।



মন্তব্য করুন