আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৫৬ প্লাটুন দায়িত্ব পালন করছে গোপালগঞ্জে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য রয়েছেন।
বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েনকৃত সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা দায়িত্ব পালন করছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বাহিনীটি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।



মন্তব্য করুন