গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে এবং সেখানে ‘৭৪-এর মতো দুর্ভিক্ষ’ নেমে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে চলমান অচলাবস্থা কাটাতে স্থানীয় সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাম্প্রতিক সহিংসতা ও ভাঙচুরের ফলে গোপালগঞ্জে রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং সড়কপথে যানবাহন চলাচলে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা ওই পথ দিয়ে যাতায়াত করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাশাপাশি পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে এবং পণ্য সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) সচল রাখা কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও সেখানে নিজেদের নিরাপদ মনে করছেন না এবং স্বাভাবিক দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। থানা পুড়িয়ে দেওয়ার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিক কার্যক্রম চালু করতে পারছে না এবং পুনরায় হামলার আশঙ্কায় পুড়ে যাওয়া থানাগুলোর সংস্কারকাজও শুরু করা সম্ভব হচ্ছে না। পুলিশের অনুপস্থিতিতে জেলাটি অপরাধ-অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতিতে সেখানে ‘৭৪-এর ন্যায় দুর্ভিক্ষ’ নেমে এসেছে বলে তিনি দাবি করেন।

এমতাবস্থায় গোপালগঞ্জের অচলাবস্থা দূর করে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় সাধারণ মানুষকে এগিয়ে আসার এবং সহিংসতার বিরুদ্ধে শক্ত অবস্থান ও গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।