হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে এবং আগুন ধরেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। তবে এই ঘটনার মধ্যেই তেহরান ইঙ্গিত দিয়েছে, শর্ত পূরণ হলে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালিটি আবার খুলে দেওয়া হতে পারে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে বুধবার (২৫ নভেম্বর) প্রচারিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ডের নৌবাহিনী জানায়, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি প্রণালির একটি অননুমোদিত রুট দিয়ে চলাচলের চেষ্টা করছিল। ওই সময় সেগুলো নৌমাইনে আঘাত পায়। বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়। খবর রয়টার্সের।
একই দিন আলাদা এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানান, হরমুজ প্রণালিতে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করতে সামরিক বাহিনী নতুন কিছু ব্যবস্থা মোতায়েন করেছে। পাশাপাশি বিদ্যমান ব্যবস্থাগুলোরও উন্নয়ন করা হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় না করে প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশি ঝুঁকির মুখে পড়েছে এবং নৌমাইনে আঘাত পেয়েছে।
তবে কূটনৈতিক পথও পুরোপুরি বন্ধ হয়নি। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এক প্রস্তাবে তেহরান জানিয়েছে, ওয়াশিংটন তাদের শর্ত পূরণ করলে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।
ইরানের দাবির মধ্যে রয়েছে, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং সব ফ্রন্টে যুদ্ধের অবসান। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা হবে না বলেও স্পষ্ট করে দিয়েছে তেহরান।
হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি। ফলে এখানে চলাচল বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে তার প্রভাব পড়ার আশঙ্কা থাকে।



মন্তব্য করুন