বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি দেশ ও অঞ্চলের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন শুল্কের হার দেশ ও অঞ্চলভেদে ২০ থেকে ৪০ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে চীনের ওপর। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্কের মুখে পড়েছে ভিয়েতনাম। বাংলাদেশের ওপর নতুন করে ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা এসেছে।

বুধবার (২৫ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসেবে এ শুল্ক আরোপ করা হয়েছে।

নতুন ঘোষণায় চীনের ওপর ৪০ শতাংশ, ভিয়েতনামের ওপর ৩৫ শতাংশ এবং বাংলাদেশ ও ভারতের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও জাপানের ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন ঘোষিত এ শুল্ক গণশুনানি ও চূড়ান্ত অনুমোদনের পর কার্যকর হলে বাংলাদেশের পণ্যের ওপর মোট শুল্ক ৩৪ দশমিক ৬২ থেকে ৩৫ দশমিক ৬২ শতাংশের মধ্যে দাঁড়াতে পারে। তবে চূড়ান্ত পণ্য তালিকা ও দ্বিপক্ষীয় চুক্তির আওতায় পাওয়া ছাড়ের ওপর নির্ভর করে এ হার কিছুটা ভিন্ন হতে পারে।

বর্তমানে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ দশমিক ৬২ শতাংশ শুল্ক আরোপ হয়। গত জুলাই মাসে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এতে বর্তমানে মোট শুল্কের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬২ শতাংশ।

গত মার্চে হোয়াইট হাউস অন্যান্য দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড ও নীতিমালা নিয়ে তদন্ত শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে ট্রাম্পের পূর্বঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করে তা আটকে দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট।

মার্কিন বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক কর্মকাণ্ড তদন্তের মাধ্যমে এ নতুন শুল্ক আরোপ করা হয়েছে। তদন্তে সংশ্লিষ্ট দেশগুলোর নীতি, পদক্ষেপ বা উৎপাদনকাঠামো যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বা বৈষম্যমূলক কি না, তা যাচাই করা হয়। বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়া শিল্প খাত নিয়ে তদন্ত করেছে যুক্তরাষ্ট্র।

নতুন শুল্ক আরোপের ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে। সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক বাতিল করে দেওয়ার পর ট্রাম্প প্রশাসন নানা অজুহাতে বাড়তি শুল্ক বসানোর উদ্যোগ নিয়েছে। এ ধরনের শুল্ক মুক্তবাজার অর্থনীতির নীতির বিরুদ্ধে।

তিনি বলেন, একটি কারখানার মালিক তার রপ্তানি চাহিদা অনুসারে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করেন। আবার যখন চাহিদা কমে যায়, তখন ওই সক্ষমতা থেকে যায়। বাণিজ্যিক নিয়মনীতির বিচারে এ ধরনের বাড়তি শুল্ক আরোপ অযৌক্তিক।