গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে চলাচল করা দুটি আন্তঃনগর ট্রেনের রুট পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। প্রস্তাব অনুযায়ী, জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রেখে ট্রেন দুটির রেক দিয়ে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে নতুন এক জোড়া ট্রেন চালানো হবে।

বুধবার (২৫ নভেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে এ-সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, গত ১৯ নভেম্বর থেকে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস (খুলনা-ঢাকা-খুলনা) এবং ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের (ঢাকা-বেনাপোল-ঢাকা) চলাচল প্রতিদিন বাতিল করা হচ্ছে। এতে নিয়মিত টিকিট রিফান্ড কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। ফলে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি ট্রেন পরিচালনায় জটিলতাও বাড়ছে।

এ পরিস্থিতিতে খুলনার সঙ্গে ঢাকার যাত্রীসেবা অব্যাহত রাখা, রেলের আর্থিক ক্ষতি এড়ানো এবং রোলিং স্টকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে বিকল্প রুটে ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত রেখে ট্রেন দুটির রেক দিয়ে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে এক জোড়া ট্রেন পরিচালনা করা যেতে পারে।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। অন্যদিকে ২০০০৪ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১১টা ৩৫ মিনিটে।

নতুন রুটে ট্রেন দুটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।

নতুন রুটে ট্রেন চলাচল শুরু হলে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যাবে। ফলে এসব স্টেশনের যাত্রীরা ট্রেন দুটির সরাসরি সেবা থেকে বঞ্চিত হবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত ট্রেন দুটির টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রির ব্যবস্থা রাখা যেতে পারে।