ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। রাত দেড়টায় মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে এক যুবলীগ নেত্রীকে নিজের বাংলোতে আসতে বলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাইফুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দাগনভূঞা পৌরসভার কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসির দুটি ফোনালাপের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরই ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর তাসকিরা তানিন সনিকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় তিনি জামিনে মুক্তি পান। এরপর তাঁর সঙ্গে ওসির কথোপকথনের তিনটি অডিও ভাইরাল হয়।
ফাঁস হওয়া অডিওগুলোতে আটক হওয়ার পর থানায় ২ লাখ টাকা লেনদেন, পরে আরও অর্থ দাবি, পলাতক এক যুবলীগ নেতার প্রসঙ্গ এবং ওসির সরকারি বাংলোয় গোপনে দেখা করার নির্দেশনার মতো আপত্তিকর বিষয় উঠে আসে।
ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, নতুন ওসি যোগ না দেওয়া পর্যন্ত থানার ওসি (তদন্ত) ফেরদৌসী বেগমকে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।



মন্তব্য করুন