ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময়সীমা বেঁধে দিয়ে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে এক ব্যক্তি ঘোষণা দিচ্ছেন যে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না। এই নির্দেশনা অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে বলেও মাইকিংয়ে হুঁশিয়ারি দেওয়া হয়।

ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখলেও অনেকে জরিমানা বা কারাদণ্ডের মতো শাস্তি ঘোষণার আইনগত এখতিয়ার কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন।