বরিশাল, শরীয়তপুর ও মাদারীপুরে ডাকাতি সেরে ঢাকায় ফেরার পথে আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে বাহিনীটি।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাতটার দিকে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ধলেশ্বরী টোলপ্লাজায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকির হোসেন (২৫), জাহিদুল ইসলাম সাগর (৩২), মো. হেলাল (৪৫), কালাম খাঁ (৩৭), মো. লিমন মাতবর (২২), মো. শতকত আলী শিকদার (৪০), আলআমিন (৩৮) ও মুন্না (৩০)। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংশ্লিষ্ট মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআরবি-১০-এর অধিনায়ক মোহা. আসাদুজ্জামান এ তথ্য জানান।
এসআরবি-১০-এর অধিনায়ক জানান, মঙ্গলবার বিকেল তিনটার দিকে কেরাণীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকায় জড়ো হয়ে একটি পিকআপ ভ্যানে করে ডাকাতির উদ্দেশ্যে বরিশালে যান তাঁরা। সেখানে সুবিধা করতে না পেরে শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে ঢাকায় ফিরছিলেন; পথে ধলেশ্বরী টোলপ্লাজায় তল্লাশির সময় তাঁরা ধরা পড়েন। অভিযানে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, ১০টি রামদা, একটি করাত, একটি লোহার শাবল, সাতটি টর্চলাইট, পাঁচটি গামছা ও একটি মুখোশ জব্দ করা হয়। এ ছাড়া লুণ্ঠিত ২০টি মুঠোফোন, একটি ল্যাপটপ, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র, পাঁচটি বিদেশি হাতঘড়ি, পাঁচটি মানিব্যাগ, একটি চেক বই, বিদেশি মুদ্রা, নগদ ৫৭ হাজার টাকা ও বিদেশি চকলেট উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জে অবস্থান করে মাদারীপুর, শরীয়তপুর ও বরিশালের বিভিন্ন এলাকায় সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করে ডাকাতি করতেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতির দুটিসহ মোট চারটি মামলা, কালাম খাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা, জাহিদুল ইসলাম সাগরের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা এবং মো. হেলালের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে। পাশাপাশি রাজধানীর যাত্রাবাড়ীতে ইজিবাইকচালক হত্যার ঘটনায় গত ২২ নভেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে মো. জুয়েল (৩৯), হারুন মিয়া (৪৪) ও সোহেল রানা (৩৮)-কে গ্রেপ্তার করা হয়েছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।



মন্তব্য করুন