সরকারি ফির অতিরিক্ত টাকা দাবি ও ঘুষ-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মূলনা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা দেলমাহমুদ রওশন (কলি)-এর কর্মস্থলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৫ নভেম্বর) শরীয়তপুরের জাজিরা উপজেলার ওই ভূমি অফিসে অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় সংস্থাটি।

এর আগে গত ১৭ জুলাই মূলনা ইউনিয়নের মোকসেদ আকনের কাছে মাত্র ১ হাজার ১৭০ টাকার সরকারি ফির বিপরীতে লাখ টাকা দাবি ও ৪০ হাজার টাকায় চুক্তির অভিযোগ প্রকাশ্যে আসে। আগের কর্মস্থলেও তার বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় এবং সংবাদ প্রকাশের পর ভুক্তভোগীকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল।

অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন বলেন, “মূলনা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা দেলমাহমুদ রওশন, যিনি কলি নামেও পরিচিত, ইতিমধ্যে আমরা গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদে দেখেছি যে উনি একজন সেবাগ্রহীতার নিকট থেকে ৪০ হাজার টাকা ঘুষের বিষয়ে লেনদেন করছিলেন। ওটার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের নজরে আসায় আমাদের আজকের এই অভিযান। গণমাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ার পর গত ১৯ নভেম্বর ইতিমধ্যেই ওনাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে পার্শ্ববর্তী আরেকটি ইউনিয়নে।”

তিনি আরও জানান, “উনার সময়কালীন যত নামজারি সংক্রান্ত কাগজপত্র এখানে ছিল, সেগুলো অনলাইনে থাকার কারণে অফিস থেকে আমরা সরবরাহ পাইনি। আমরা এই কাগজগুলো সংগ্রহ করব এবং ভুক্তভোগীদের সঙ্গে আরও কথা বলে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করব। তবে প্রাথমিকভাবে অনেকের সঙ্গে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে উনি যে গ্রাহক হয়রানি বা একটি নির্দিষ্ট পরিমাণে ঘুষ-দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, সেটার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। কাগজপত্র পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার পর কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে—পরবর্তীতে অনুসন্ধান হতে পারে কি না, তা কমিশনের সিদ্ধান্ত।”

এদিকে চলমান এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কেবল বদলিতে সীমাবদ্ধ না থেকে দুদকের তদন্ত ও বিভাগীয়-আইনগত ব্যবস্থার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ভবিষ্যতে যাতে কেউ সেবার নামে এমন অনিয়ম করার সাহস না পান, সে জন্যই এই দাবি।