রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির কারণে শীতের অনুভূতি বজায় থাকার পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয়, আজ ঢাকায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস আরও জানায়, মধ্যরাত থেকে শুরু হওয়া মাঝারি কিংবা ঘন কুয়াশা অনেক ক্ষেত্রে দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই পরিস্থিতির কারণে আকাশপথ, নৌপথ ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সারা দেশেই রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও কুয়াশার দাপটে দিনের বেলা ঠান্ডার আমেজ কাটছে না।



মন্তব্য করুন