ভোক্তা পর্যায়ে স্বস্তি দিয়ে বছরের প্রথম দিন থেকেই কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন দাম। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের অংশ হিসেবে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম প্রতি লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোর থেকে সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে নতুন এই দর কার্যকর হয়েছে। এর আগে বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল এখন ১০২ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১০৪ টাকা। একইভাবে কেরোসিনের দাম ১১৬ টাকা থেকে কমিয়ে ১১৪ টাকা করা হয়েছে। প্রিমিয়াম তেলের বাজারে প্রতি লিটার অকটেন ১২৪ টাকার পরিবর্তে ১২২ টাকা এবং পেট্রোল ১২০ টাকার পরিবর্তে ১১৮ টাকায় মিলছে।
জ্বালানি বিভাগ জানায়, সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় স্থানীয় পর্যায়ে এর সুফল দিতেই জানুয়ারি মাসের জন্য এই সাশ্রয়ী মূল্য নির্ধারণ করা হয়েছে।



মন্তব্য করুন