রাজবাড়ী পৌরসভা এলাকায় বালুমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় ১২ বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিনোদপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সিফাত ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, থার্টি ফার্স্ট নাইটের বর্ষবরণ উৎসবের মধ্যে বালুমহাল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গোলযোগ দেখতে বাড়ি থেকে বের হলে লক্ষ্যভ্রষ্ট গুলিতে সিফাত গুরুতর আহত হয়। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকার জানান, গুলিটি শিশুর পেটের উপরের অংশে বক্ষপিঞ্জরের ঠিক নিচে বিদ্ধ হয়েছে। এতে খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি ‘হাইপোভলিউমিক শকে’ চলে গিয়েছিল। জরুরি চিকিৎসায় তাৎক্ষণিক বিপদ কাটলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বালুমহাল নিয়ে পূর্ববিরোধের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।