দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে এই বহিষ্কারাদেশে বিচলিত না হয়ে বরং একে ‘নতুন পথচলা’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) এক প্রতিক্রিয়ায় তিনি দেশবাসী ও নিজের নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।
রুমিন ফারহানা জানান, তিনি ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। ছোটবেলা থেকেই হাঁস তার প্রিয় পাখি এবং তার কর্মী-সমর্থকদেরও এই প্রতীকের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। জোটের এই সিদ্ধান্ত মেনে না নিয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাকেসহ ৯ জন নেতাকে বহিষ্কার করে বিএনপি।
ব্যারিস্টার রুমিন ফারহানা তার বহিষ্কারের টাইমিং নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, “খালেদা জিয়ার মতো একজন মহীয়সী নেত্রীর মৃত্যুর দিনে শোকের আবহে এ ধরনের সিদ্ধান্ত নেওয়াটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি।” তিনি তার বাবা ভাষাসংগ্রামী অলি আহাদের প্রসঙ্গ টেনে বলেন, ১৯৭৩ সালে তার বাবাও আওয়ামী লীগের জোয়ারের বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। প্রায় ৫৩ বছর পর ২০২৬ সালে এসে তাকেও অনেকটা একই পরিস্থিতিতে ‘ধানের শীষের’ জোয়ারের বিপরীতে দাঁড়িয়ে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। তিনি বিশ্বাস করেন, জনগণ ভোটের মাধ্যমে এই অসম্মানের জবাব দেবে।



মন্তব্য করুন