সারাদেশে শীতের তীব্রতা অব্যাহত থাকলেও আগামী সোমবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশে নতুন করে শৈত্যপ্রবাহ ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
বর্তমানে দেশের ১৭টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো— মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলবীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা। আবহাওয়া অফিস জানিয়েছে, কিছু কিছু এলাকা থেকে এই শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। রাজধানীতে আজ রোদ ওঠায় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি কাটেনি।
আগামী কয়েক দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল (কিছু এলাকায় দুপুর) পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এর ফলে বিমান চলাচল, নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ৫ জানুয়ারি (সোমবার) থেকে রাতের তাপমাত্রা আবার কমতে শুরু করবে, যা শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়িয়ে দিতে পারে। বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।



মন্তব্য করুন