ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে জামায়াতে ইসলামীর ব্যাপক অংশগ্রহণ এবং ফল ঘোষণার পর তা শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। বিশেষ করে নির্বাচনী প্রচার থেকে ফলাফল পরবর্তী সময় পর্যন্ত ডা. শফিকুর রহমানের রাজনৈতিক শিষ্টাচার, সংযম এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের স্থিতিশীলতা রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে।
ড. ইউনূস তার বার্তায় অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকালে জামায়াতের গঠনমূলক সমর্থন ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও সামাজিক ন্যায়বিচারের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করেন যে, সংসদে একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জামায়াতে ইসলামী সক্রিয় ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্ক এবং আইন প্রণয়নে পরামর্শের মাধ্যমে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে দলটির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে তিনি বিশ্বাস করেন।
জাতীয় ঐক্য সুসংহত করতে ডা. শফিকুর রহমানের অতীতের ভূমিকার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে তার ব্যক্তিগত সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ড. মুহাম্মদ ইউনূস।

মন্তব্য করুন