বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার সকালে তিনি নিজেই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. মিলন ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবি জানান, আজ বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে অংশ নিতে তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে আজ সকালেই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট পেয়ে তিনি কচুয়া আসন থেকে বিজয়ী হন।
বিএনপির এই প্রবীণ নেতা ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে নকল প্রতিরোধ ও শিক্ষা খাতে সংস্কারের জন্য দেশজুড়ে আলোচিত ছিলেন। দীর্ঘ সময় প্রবাস জীবন ও আইনি লড়াই শেষে এবারের নির্বাচনের মাধ্যমে তিনি পুনরায় মূলধারার রাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠলেন। ধারণা করা হচ্ছে, তাকে পুনরায় শিক্ষা মন্ত্রণালয় অথবা সমমর্যাদার কোনো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে।
এদিকে দলীয় সূত্র অনুযায়ী, ড. মিলনের পাশাপাশি মন্ত্রিসভায় আরও বেশ কয়েকজন হেভিওয়েট নেতার স্থান পাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. খলিলুর রহমানের নাম জোরেশোরে আলোচিত হচ্ছে।
বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এর মাধ্যমে প্রায় দুই দশক পর রাষ্ট্রীয় ক্ষমতায় আনুষ্ঠানিকভাবে আসীন হচ্ছে বিএনপি।

মন্তব্য করুন