বকেয়া বেতনের দাবিতে ফের উত্তাল হয়ে উঠল গাজীপুরের শিল্পাঞ্চল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামা পোশাক শ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। প্রায় এক ঘণ্টা অবরোধের পর বৃহস্পতিবার সকালে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, গত ১০ অক্টোবর আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। নির্ধারিত দিনে বেতন না পেয়ে এবং বুধবার বেতন না দিয়ে টালবাহানা করে বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করায় তারা ক্ষুব্ধ হয়ে সড়কে নামেন।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। শ্রমিকরা সেই প্রস্তাব উপেক্ষা করে অবরোধ চালিয়ে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের সরে যাওয়ার অনুরোধ জানানো হলেও তারা অবরোধ অব্যাহত রাখেন। পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয় বলেও জানিয়েছে পুলিশ।
—