প্রায় এক মাসের চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতার চিকিৎসা নেওয়া এই রাজনীতিক বর্তমানে অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান মির্জা আব্বাস। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, চিকিৎসা শেষ করেই তিনি দেশে ফিরেছেন। আগের তুলনায় তার শারীরিক অবস্থারও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
ফলোআপ চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ায় গিয়েছিলেন মির্জা আব্বাস। সেখানে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় টানা প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তবে পরবর্তী চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য দুই সপ্তাহের মাথায় তাকে আবার মালয়েশিয়ায় যেতে হয়।
মির্জা আব্বাসের দীর্ঘ চিকিৎসার সূত্রপাত গত ১১ মার্চ। ওই দিন ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি শনাক্ত করেন।
দেশে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর পরবর্তী চিকিৎসার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছিল তাকে।
দীর্ঘ চিকিৎসা এবং একাধিকবার বিদেশে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর এবার অনেকটাই সুস্থ অবস্থায় দেশে ফিরলেন বিএনপির এই জ্যেষ্ঠ রাজনীতিক।

মন্তব্য করুন