বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক পদে নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান। এক পর্যায়ে তিনি সারজিসকে রাজনীতি থেকে সরে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানকে বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক করা হয়েছে। পদটিকে উপসচিব পদমর্যাদার উল্লেখ করে মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি নিজেই দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন।

এরপর সারজিস আলম ফেসবুকে একটি পোস্টে লেখেন, ‘একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব পদমর্যাদায় চাকরি করবে! পার্টি কতটা দেউলিয়া হলে হীনমন্যতা থেকে নেতারা এই কাজ করতে পারে!’

সারজিসের ওই পোস্টের পর একই দিন মধ্যরাতে পাল্টা স্ট্যাটাস দেন ফারুক হাসান। সেখানে তিনি দাবি করেন, একটি প্রতিষ্ঠানের বোর্ড অব ডাইরেক্টরসের পরিচালকরা সরকারের গ্রেডভুক্ত আমলা নন। এ বিষয়টি সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

ফারুক হাসান আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও এ বিষয়ে ধারণা না থাকায় সারজিসের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তার প্রশ্ন তৈরি হয়েছে।

একই পোস্টে সারজিসের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন ফারুক। তিনি অভিযোগ করেন, অতীতে ছাত্রলীগের ব্যানারে পরীক্ষা ছাড়াই অবৈধ উপায়ে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। তবে সারজিসের ক্ষেত্রেও এমনটি ঘটেছিল কি না—এ বিষয়ে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সারজিসের ভর্তি পরীক্ষার সময়কার কাগজপত্র পুনরায় যাচাই করার আহ্বান জানান। পাশাপাশি সারজিসকে উদ্দেশ করে তিনি বলেন, আপাতত রাজনীতি থেকে ইস্তফা দিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত, যা ভবিষ্যতে কাজে লাগবে।