গ্রাহক পর্যায়ে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া, সেবার সঠিক গুণগত মান রক্ষা এবং টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে সচেতনতা বাড়াতে গোপালগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে ‘বিশ্ব মান দিবস-২০২৬’।

আন্তর্জাতিক মান সংস্থাগুলোর (আইএসও, আইইসি ও আইটিইউ) নির্ধারিত প্রতিপাদ্য “উন্নত লক্ষ্য, উন্নত বিশ্ব— সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি”কে কেন্দ্র করে বুধবার (১৪ অক্টোবর) দিনব্যাপী যৌথভাবে নানা কর্মসূচির আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। শিল্প মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনায় এসব কর্মসূচি বাস্তবায়িত হয়।

দিবসটির গুরুত্ব তুলে ধরে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান।

বিএসটিআই গোপালগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান ও উপপরিচালক (সিএম) প্রকৌশলী খালিদ রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, বিএসটিআইয়ের সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ, পরিদর্শক খাজা শাহজালাল এবং ফিল্ড অফিসার মিনহাজুল হক। অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন বিএসটিআইয়ের পরিদর্শক তাসলিম দোহা।

এই আলোচনা সভায় কেবল গোপালগঞ্জই নয়, পার্শ্ববর্তী মাদারীপুর ও শরীয়তপুর জেলার শীর্ষ ব্যবসায়ী নেতা, শিল্প উদ্যোক্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পরিবেশবান্ধব প্রযুক্তি ও সাশ্রয়ী জ্বালানির ব্যবহারের বিকল্প নেই। দেশীয় বাজারে নিম্নমানের ও ভেজাল পণ্যের অবাধ ব্যবহার রোধ করা এবং আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যের অবস্থান মজবুত করতে ব্যবসায়ীদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকদের প্রত্যাশা, বিএসটিআইয়ের এই আঞ্চলিক উদ্যোগ স্থানীয় ও আঞ্চলিক শিল্পোদ্যোক্তাদের পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনে নতুন গতি আনবে।