নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার বা মোবাইল ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে যাওয়ার আগে তিনি ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি ঘুরে দেখেন।

মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ভ্রাম্যমাণ ল্যাবটির কার্যক্রম সম্পর্কে তাকে বিস্তারিত জানান।

কর্মকর্তারা জানান, দেশের ৬৪ জেলায় ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় এসব ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি চলছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের ৬৪ জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আরও ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে।

খাদ্য নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বাড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে এসব ভ্যানে। ভ্যানের বাইরে স্থাপিত মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।

পরিদর্শনের সময় খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।