নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে পুনর্জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে দায়রা জজ আবু শামীম আজাদ তার আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, সিদ্ধিরগঞ্জ থানায় করা তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী ও কায়সার হাসনাত। এ ছাড়া শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানকেও আসামি করা হয়েছে।
মামলাটিতে এজাহারনামীয় আসামির সংখ্যা ৯৯ জন। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় আইভীকে ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। এরপর তিনি আদালত এলাকা ত্যাগ করেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য ছিল। আদালতে পুনর্জামিনের আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।

মন্তব্য করুন